অতঃপর
আমার সব আয়োজন মাটি হয়ে গেল ;
কত প্রস্তুতি নিয়েই না কাজে নেমেছিলাম
কিন্তু হায় !
আমার সব আয়োজন মাটি হয়ে গেল ।
এলোমেলো কষ্টের স্তূপ বিক্রি করতে যাচ্ছিলাম
পথে আকাশ ভার করে নামলো
মন খারাপের তুমুল বৃষ্টি আর
পুরনো সৃতির ঝোড়ো হাওয়া ।
তাল হারিয়ে বোঝা নিয়ে কোনমতে এসে
দাঁড়ালাম একটা গাছের নীচে ।
আরে কি কাণ্ড; এ যে সেই গাছ ...
যেখানে তোমার আর আমার নাম লিখেছিলাম ,
নষ্ট হয়ে যাওয়া কিছু সুখের সৃতি আছে এখানে ।
বৃষ্টিতে ভিজে আমার কষ্টের স্তূপ ভারী হয়ে উঠেছে
চলার পথ ক্রমে হয়ে উঠেছে পিচ্ছিল
একাকীত্বের ঠাণ্ডা বাতাস কাঁপন ধরিয়ে দিচ্ছে ।
বিক্ষিপ্ত পায়ে এগিয়ে চলা ।
অবসন্ন মনে বারবার উঁকি দিচ্ছে তোমার অস্তিত্ব ,
তুমিও কি আমার মত কষ্টের বোঝা বয়ে বেড়াচ্ছ ?
এই যাহ্ !
তোমায় নিয়ে অন্যমনস্কতায় পথ হারিয়ে ফেললাম
কোনদিক থেকে আসছিলাম আর কোনদিকেই বা যাচ্ছিলাম ?
বোঝার ভার হয়েছে দ্বিগুণ, ক্লান্ত দেহ আর
পথ হারিয়ে ক্ষিপ্ত মন ।
অতঃপর
আমার সব আয়োজন মাটি হয়ে গেল
এগুবার পথ নেই ফিরবার শক্তি নেই ।
অতঃপর
তোমাকে ফিরে পাওয়ার অলীক স্বপ্ন দেখা
এই পথে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ।
Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts
প্রিয় রঙের ভয়
আমার প্রিয় রঙ সাদা
তাই ভাবছি ;
দেয়ালের রঙটা সাদাই করাবো ।
শুভ্র এই রঙের সাথে মিলিয়ে
পুরো ঘরকে সাজাবো ।
জানালয় থাকবে নীল পর্দা
বিছানায়,একটা লাল চাদর ।
আমার বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের ঘর
আজ আমার হতে চলেছে ।
বেশ তো ছিলাম আমার সাজানো ঘরে
কিন্তু একটা দুঃস্বপ্ন ...
সব এলোমেলো করে দিল ।
দেখলাম,একটা শব যাত্রা আর ...
অনেক অ-অনেক মানুষের হাহাকার ।
সাদা দেয়ালটাকে দেখে এখন ভয় লাগছে ,
মনে হচ্ছে, কারা যেন আমাকে
কাফনের কাপড় দিয়ে ঢেকে রেখেছে ।
বিছানাটাকেও ভয় লাগছে ,
মনে হচ্ছে তাজা লাল রক্ত
লেগে আছে তাতে ;
আর জানালার পর্দাটা -
প্রচণ্ড আঘাতের বেদনায়
নীল হয়ে দুলছে ।
তাই ভাবছি ;
সব রঙ আবার বদলে দেব
দেয়ালের সাদা রঙ,
বিছানার লাল চাদর,
এমনকি জানালার নীল পর্দাটাও ।
যদিও আমার প্রিয় রঙ সাদা
কিন্তু এখন ...
সাদা রঙ, আমার ভীষণ ভয় লাগে ।
একটি লিস্ট
আমার কিছু দরকারি জিনিস কেনা প্রয়োজন ,
নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিস ।
অনেক দিন থেকে ভাবছি কেনার কথা
কিন্তু জানিনা কেন হয়ে উঠছেনা ...
হাজার ব্যস্ততাকে ছুটি দিয়ে, আজ লিস্ট করতে বসলাম
কি কি চাই আমার ?
সুখ !
খুব বেশি প্রয়োজন নেই
খানিকটা হলেই আমার মাস চলে যাবে ;
আমি ভীষণ মিতব্যয়ী, তাই অল্প অল্প করেই খরচ করব ।
দাম কেমন পরবে কে জানে !
একটা মাটির ব্যাংকে কষ্ট জমাচ্ছি অনেক দিন থেকে ,
সুখ কিনবো বলে ।
ওহঃ আরেকটা জিনিসের কথা ভুলতেই বসেছি ...
স্বপ্ন !
কিছুটা স্বপ্ন আমার না কিনলেই নয় ।
সেই কোন কালে ফুরিয়ে গেছে ওগুলো
তারপর আর নতুন করে কেনা হয়নি ,
যে করেই হোক
দু মুঠো স্বপ্ন এবার আমার চাই ই চাই ।
স্টোর রুমে একটা মরচে পরা ট্রাঙ্কে
বহু দিন আগের কিছু দুঃখ জমানো আছে ;
স্বপ্ন বিক্রেতাকে গছাতে পারব কিনা তাই ভাবছি ,
হয়তো বলে বসবে ...
এত পুরনো দুঃখে চলবেনা, নতুন নিয়ে আসুন ।
অল্প একটু খুশি ও কিনব ;
ফ্রজেন করে রেখে দেব সামনের বছরের জন্য ।
কিছুটা স্বাচ্ছন্দ্য, কিছুটা আনন্দ আর ...
আরও কি কি যেন দরকার
এখন ঠিক মনে পরছেনা ।
এসব দরকারি জিনিস কেনার জন্য
যতটা হতাশা,বেদনা আর অশ্রু প্রয়োজন
তা এখনও জমাতে পারিনি ।
আমার কিছু দরকারি জিনিস কেনা প্রয়োজন
কবে কিনতে পারব জানিনা
শুধু লিস্ট ই তৈরি করে যাচ্ছি ।
নিঃশেষিত হৃদয়ের কিছু কথা
ক্ষত দেখেছ কখনো, দগদগে পোড়া ঘা ?
দেখেছ কখনো !
ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছ নাকি সমবেদনার হৃদয় জাগ্রত করেছ
কি করেছ তুমি !
তবে কি অবজ্ঞা করেছ;
সেই যন্ত্রণা কাতর মানুষটির চিৎকার ।
ভেবেছ কখনো -
হয়তো তোমার সুখের জন্যই এই মানুষটি
ছট ফট করছে তীব্র ব্যথায়
হয়তো তোমার জন্যই সে
নিজেকে জড়িয়ে নিলো বেদনার শুভ্র কাঁথায় ।
কেমন আছো তুমি-
পেরেছ কি সুখী হতে, অনুভব করতে পারছ
জীবনে বসন্তের বাতাস ।
এতক্ষণ ধরে, আমি কিন্তু সেই মানুষটির
দেহের ক্ষতের কথা বলিনি ,
বলেছি তার ক্ষয়ে যাওয়া হৃদয়ের কথা ।
যে হৃদয়ের দোর খুলে নিজেকে মুক্ত করেছ তুমি
কিন্তু ভেবেছ একবারও
খুলে যাওয়া এই দরোজা বন্ধ করার শক্তি
এই মানুষটির আছে কিনা !
ক্ষত দেখেছ কখনো, দগদগে পোড়া ঘা ?
দেখেছ কখনো-
তিলে তিলে একটি হৃদয়ের নিঃশেষ হয়ে যাওয়া !
দ্বিধান্বিত হাসি
তোমার হাসি আমার ভীষণ ভালো লাগে
যদিও,তুমি খুব কম হাসো
তবুও...
যখনই হাসো,তার মাঝেই খোঁজার চেষ্টা করি
সত্যিকার অর্থে আমায় কতটুকু ভালোবাসো ?
কতটুকু ব্যাকুল আমার জন্য ?
আমার অনুপস্থিতিতে কতটা একা লাগে তোমার ?
আমাকে হারানোর ভয়ে
কতটা কম্পমান তোমার হৃদয় ?
সত্যি বলছি,
তোমার হাসি আমার ভীষণ ভালো লাগে
আচ্ছা...
যেমন করে তুমি আমার সামনে হাসো ,
এই আমি যদি আমি না হয়ে অন্য কেউ হতাম
তবেও কি তুমি এমনি করেই হাসতে ?
বিশ্বাস করো,
তোমার হাসি আমায় সত্যিই মুগ্ধ করে ।
তবে...
মাঝে মাঝে যে ভয় হয় না , তা কিন্তু নয়
কম্পিত হৃদয় এই ভাবে শঙ্কিত হয়;
যদি কখনো ভুল বোঝো আমাকে ,
বঞ্চিত করো তোমার হাসির স্পর্শ থেকে
নাহ...
এতটা কষ্টকর পরিস্থিতির কথা ভাবার মতন
সাহস আমার নেই ।
যদিও তোমার হাসি আমার মনে হাজারো প্রশ্ন জাগায় ,
তবুও তোমার এই হাসি আমার ভীষণ ভাল লাগে
তোমার হাসি আমি সত্যিই ভালোবাসি ।
Subscribe to:
Posts (Atom)




